Friday, September 18, 2015

খোঁজ

মে, ১৯৯২

- আসুন প্রফেসর | বাড়ি খুঁজে পেতে কোন অসুবিধা হয়নি তো?
- তেমন কিছু না | কেমন আছেন মিস্টার বোস?
- দেখতেই তো পাচ্ছেন | আর খুব বেশি দিন বাকি নেই | বসুন | কফি খাবেন?
- না, এখন খাব না | ডাক্তার কি বলছে?
- জবাব দিয়ে দিয়েছে | আর বড়জোর তিন থেকে চার মাস |
- সরি মিস্টার বোস |
- আরে না না | সরি বলার কিছু হয়নি | আই হ্যাভ লেড আ ভেরি হ্যাপি লাইফ | জীবনটাকে ঠিক যে ভাবে কাটাতে চেয়েছি, ঠিক সেই ভাবেই কাটিয়েছি |
- তা ঠিকই বলেছেন | সেটাই বা কজনে পারে?
- তবে একটাই ব্যাপারে একটু আফসোস হয় প্রফেসর | এই যে এত পড়াশোনা আর জ্ঞান অর্জন করলাম, এও তো আমার সাথেই চলে যাবে | আর সেই জন্যই আপনাকে ডাকা | আমার একটা শেষ ইচ্ছে আপনাকে পূরণ করতে হবে |
- শেষ ইচ্ছে?
- ইয়েস |
- বেশ, বলুন | কি ভাবে আমি সাহায্য করতে পারি?
- আমি চাই আপনি কোন ভাবে আমার এই সমস্ত জ্ঞান কে বাঁচিয়ে রাখুন | আমি মারা যাবার পরেও থেকে যাব আমার এই কষ্টার্জিত জ্ঞানের মাধ্যমে | এবং সমস্ত পৃথিবীর লোক যেন সেই জ্ঞান ভাণ্ডার কে ব্যবহার করতে পারে |
- তেইশে এপ্রিল থেকে বিজ্ঞান চর্চা ছেড়ে দিয়েছি | এখন আর এসব কাজে মন বসে না মিস্টার বোস|
- আমি জানি প্রফেসর | কিন্তু এই কাজ কেউ পারলে একমাত্র আপনিই পারবেন | আর ভেবে দেখুন এতে গোটা মনুষ্যজাতির কত উপকার হবে!
- তার চেয়ে আমি বরং আপনাকে সারিয়ে তুলি | আমার ওষুধটা এখনো একটু বাকি রয়েছে |
- না প্রফেসর | বেঁচে থাকার আর কোন ইচ্ছে আমার নেই | ঠিক যেই কারণে আপনি বিজ্ঞান চর্চা ছেড়ে দিয়েছেন, আমারও সেই একই কারণে জীবনের প্রতি অরুচি ধরে গেছে | আর বেঁচে থাকলেও কতজন কেই বা সাহায্য করতে পারব এই গলির ভেতর বসবাস করে |
- হু | কথাটা ঠিকই বলেছেন | কিন্তু...
- প্লিজ প্রফেসর | এই কাজটা করে দিলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব |
- ঠিক আছে | একটু ভেবে নিতে দিন যে কাজ টা কি করে করব |
- ধন্যবাদ প্রফেসর | অনেক, অনেক ধন্যবাদ |

*******************************
জুলাই, ১৯৯২

- রেডি মিস্টার বোস?
- রেডি প্রফেসর |
- আপনি খুব মহৎ একটি কাজ করতে চলেছেন | পৃথিবীর লোক আপনার নাম মনে রাখবে |
- নামের মোহ আমার নেই প্রফেসর | খেয়াল রাখবেন কেউ যেন জানতে না পারে যে আমরা এই কাজটি করেছি |
- বেশ, তাই হবে |
- গুড বাই প্রফেসর |
- গুড বাই মিস্টার বোস |
মেশিন এর সুইচ টা টিপে দিলেন প্রফেসর | মিস্টার বোস এর দেহ টা একবার সামান্য কেঁপে উঠে নিথর হয়ে গেল | সারা ঘর জুড়ে তখন গম গম করছে মেশিন এর আওয়াজ |

*******************************
জুলাই, ১৯৯৬

ঠক ঠক আওয়াজ শুনে ঘুম ভেঙ্গে গেল সের্গেই এর | এত রাত্রে গ্যারেজ এর দরজায় ধাক্কা মারে কে? একবার বন্ধুর দিকে তাকালো | সে তখনও ঘুমোচ্ছে | অন্ধকারে ডিজিটাল ঘড়ি জানান দিচ্ছে সময় এখন সাড়ে তিনটে| গুটি গুটি পায়ে দরজার কাছে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠলো সের্গেই, "কে?" |
আবার ঠক ঠক |
মনে সাহস এনে আর হাতে একটা বেসবল ব্যাট বাগিয়ে দরজা খুলে দিল সের্গেই |
বাইরে একটা বেঁটে খাটো চেহারার লোক দাঁড়িয়ে | গালে লম্বা দাড়ি | মাথায় টাক | চোখে চশমা | বেশ সৌম্য চেহারা |
- কে আপনি?
- তোমার নাম সের্গেই তো?
- হ্যাঁ | আপনি কি করে জানলেন?
- সে কথা থাক | তোমার আর তোমার বন্ধুর ব্যাপারে অনেক কিছুই জানি | আর তোমরা যে তোমাদের প্রজেক্টটায় আটকে গেছ, সেটাও জানি |
- মানে? আপনি কি আমাদের পেছনে গোয়েন্দাগিরি করছেন নাকি? প্রজেক্ট এর ব্যাপারেই বা জানলেন কি করে? আমি কিন্তু এবার পুলিশ ডাকব |
- পুলিশ ডাকলে নিজেদেরই ক্ষতি করবে | তোমাদের কাজটায় আমি সাহায্য করতে পারি |
- সাহায্য? আপনি কে বলুন তো মশাই? গায়ে পরে সাহায্য করতে এসেছেন?
- তুমি আমায় প্রফেসর বলে ডাকতে পারো |
- প্রফেসর? আপনি কি শিক্ষক নাকি?
- শিক্ষকতা যৌবনকালে কিছুদিন করেছিলাম | তবে আদতে আমি বৈজ্ঞানিক |
- তা হঠাৎ আমাদের সাহায্য করতে এলেন কেন?
- অনেকদিন ধরেই যোগ্য ক্যান্ডিডেট খুঁজছিলাম | খোঁজ খবর নিয়ে তোমাদের মনে ধরল | তোমরা দুই বন্ধুই বেশ বুদ্ধিমান | আর তোমাদের প্রজেক্টটাও আমার উপযোগী | চিন্তা কোরোনা | আমি খারাপ লোক নই |
- বেশ, কি চান বলুন?
- আজ থেকে চার বছর আগে আমার এক বন্ধুর মৃত্যু হয় | মারা যাবার আগে তার শেষ ইচ্ছে ছিল যে তিনি সারা জীবন ধরে প্রচুর পড়াশোনা করে যে অপরিসীম জ্ঞান লাভ করেছেন, সেই সব যেন তার চলে যাবার পরেও সবাই ব্যবহার করতে পারে |
- বই লিখে গেছিলেন বুঝি?
- না হে | তিনি নিজেই ছিলেন একটি আস্ত বিশ্ব কোষ | হেন বিষয় ছিল না যা নিয়ে জানতেন না | আর সেই সঙ্গে অসামান্য মেমরি | আমরা বাংলায় যাকে বলি শ্রুতিধর | একটি কেন, দশটি বই তেও তাকে ধরা যাবে না |
- বেশ | তারপর?
- আমি রিসার্চ করে একটা মেশিন বানালাম যা দিয়ে একটা মানুষের গোটা সত্তাটা ইলেক্ট্রনিকালী একটা সফটওয়্যার এ ট্রান্সফার করে ফেলা যায় |
- হোয়াট? তা কি করে সম্ভব? মিথ্যে কথা বলার জায়গা পাননি? এরম কোন যন্ত্র তৈরি হলে গোটা পৃথিবীতে হুলুস্থুল পরে যেত |
- তা যেত | লোকে জানতে পারলে ঠিকই যেত | কিন্তু আমি কাউকে জানাইনি | আমার এরম আরও অনেক আবিষ্কার ছিল | শুনলে তুমি বিশ্বাস করতে পারবে না | এই হচ্ছে সেই চিপ যাতে আছে আমার সেই বন্ধুর সত্তা, তার অসামান্য জ্ঞান | তোমাদের প্রজেক্টে এই চিপ টাকে ইন্টিগ্রেট কর সের্গেই | গোটা দুনিয়া লাভবান হবে |
- কিন্তু আমি আপনাকে বিশ্বাস করব কেন? আপনি আমাদের প্রজেক্টটাকে স্যাবোটাজ করতে আসেননি, তার কি গ্যারান্টি? ওই চিপটাতে কোন ভাইরাস আছে কি না, তার কি গ্যারান্টি?
- না | এক আমার মুখের কথা ছাড়া কোন গ্যারান্টি নেই | কিন্তু সব সময়ে কি সমস্ত জিনিসের গ্যারান্টি দেওয়া যায়? 'লিপ অফ ফেথ' বলেও একটা কথা আছে | ঠিক কি না?
- তা আছে | তবে আপনার কথা বিশ্বাস করতে আমার মন চাইছে না | এতক্ষণ খালি মুখেই প্রচুর কথা দিলেন, একটা কিছু প্রমাণ যদি পেতাম |
- প্রমাণ? বেশ | ভেবেছিলাম যে আর কোনদিন নিজের কোন আবিষ্কার আর ব্যবহার করব না | কিন্তু তুমি বাধ্য করলে | তবে এই দেখো |
কোটের পকেট থেকে একটা অদ্ভুত দেখতে নলওয়ালা যন্ত্র বার করলেন প্রফেসর | বললেন, "ওই পাথরটা দেখছ?" |

*******************************
চমকে গেছিল সের্গেই | নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না | মৃদু হেসে প্রফেসর বলে উঠলেন, "এখন বিশ্বাস হল তো? নাও | এবার চিপ টা নাও|"
কিছু না বলে চুপচাপ হাত পেতে চিপ টা নিয়ে নিলো সের্গেই |
- চলি হে | গুড লাক | আমি জানি তোমরা সফল হবে |
কিছু বলার মত অবস্থায় ছিল না সের্গেই | খালি বোকার মত হাত নাড়তে লাগলো |

*******************************
সুনসান রাস্তায় হাঁটতে হাঁটতে নিজেকে ভারী হালকা মনে হচ্ছিল প্রফেসরের | কর্তব্য পালন করা গেছে | কোটের ভেতরে রাখা অ্যানাইহিলীন বন্দুকটার গায়ে একবার হাত বুলিয়ে নিলেন প্রফেসর | বন্দুক দিয়ে পাথরটাকে গায়েব করে দেবার পর সের্গেই এর মুখের অবস্থাটা ভেবে একটু হাসিই পেল | তবে ছেলেটি আর তার বন্ধুটি - দুজনেই খুব বুদ্ধিমান | তিনি নিশ্চিত যে ওরা দুজনে সফল হবে | গোটা পৃথিবীর লোক লাভবান হবে মিস্টার বোসের জ্ঞান ভাণ্ডার দ্বারা | মিস্টার বোসের কথা মনে পরাতে একটু মনটা ভারী হয়ে গেল প্রফেসরের | কে জানে কি কারণে ওনাকে কোনদিনই মিস্টার বোস ছাড়া আর কিছু ডাকা হয়নি | উনি অনেকবার বলেছিলেন, "আরে, আপনি আমায় অত ফর্মালি ডাকেন কেন? সিদ্ধেশ্বর বলে ডাকুন বা ছোট করে সিধু | সমবয়সী তো আর বিশেষ কেউ নেই | ছোটরা সবাই সিধু জ্যাঠা বলেই ডেকে এলো চিরটাকাল |"

*******************************
গ্যারেজ এর ভেতরে ল্যারিকে ঘুম থেকে টেনে তুলল সের্গেই | প্রফেসরের কথা যদি ঠিক হয়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সার্চ ইঞ্জিন বানানোর ফর্মুলা তাদের হাতের মুঠোয়ে |

2 comments: